সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।

গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদরা বিওপির সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সেখানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক সকাল ৯টার দিকে বিজিবি আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে। তাকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করেন। উদ্ধার ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

Share this news as a Photo Card